পিরোজপুরে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:পিরোজপুরের ইন্দুরকানীতে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক জনকণ্ঠের জেলা সংবাদদাতা নাছরুল্লাহ আল-কাফী এবং নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহ—এই দুই সাংবাদিকের ওপর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের টাউন ক্লাব সড়কে পিরোজপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন—সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউল হক, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি সোহরাব হোসেন জুয়েল, দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি নাছির উদ্দিন, গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি নাইম তালুকদার, জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্য চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার বার্তা’র জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর জেলা সেক্রেটারি মানজুর আজিজ প্রমুখ।
বক্তারা বলেন,সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে পরিকল্পিতভাবে একটি মহল তাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে এবং তাদের মোবাইলসহ বিভিন্ন ডিভাইস ছিনিয়ে নিয়েছে। আহত সাংবাদিকরা বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রোববার চন্ডিপুর এলাকায় সুপারি কেনাবেচা ও পরিবহন বিষয়ক খবর সংগ্রহ করছিলেন নাছরুল্লাহ আল-কাফী ও আরিফ বিল্লাহ। এসময় চন্ডিপুর ইউনিয়ন বিএনপির একটি সমাবেশ চলছিল। সমাবেশে উপস্থিতি কম থাকায় কিছু নেতাকর্মী সন্দেহ করেন সাংবাদিকরা নাকি তাদের ফাঁকা চেয়ারের ছবি তুলছেন। এমন সন্দেহে তারা আকস্মিকভাবে দুই সাংবাদিকের ওপর হামলা চালায় এবং তাদের তিনটি মোবাইল ফোন, মাইক্রোফোন, ক্যামেরা স্ট্যান্ড, পেনড্রাইভ, প্রেসকার্ড, মানিব্যাগসহ নগদ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের পিরোজপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর সোমবার (১৭ নভেম্বর) রাতে আহত আরিফ বিল্লাহর ভাই শরিফ বিল্লাহ বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৮ জন নেতাকর্মীসহ ২০–২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ( খোলপটুয়া) গ্রামের হাবিবুর রহমানের পুত্র যুবদল নেতা অহিদুল ইসলাম শেখ (৩৫), দক্ষিণ চন্ডিপুর গ্রামের হারুন মৃধার পুত্র ছাত্রদল নেতা ফাইজুল ইসলাম তাওহিদ মৃধা(২১),পূর্ব চন্ডিপুর গ্রামের আব্দুল আউয়াল বেপারীর পুত্র তানভীর আহমেদ রাকিব (২২), উত্তর কলারন গ্রামের মৃত: হাবিবুর রহমানের পুত্র মোঃ জুয়েল হাওলাদার (৪০), পশ্চিম কলারন গ্রামের আলী আকবার তালুকদারের পুত্র শাহাদাত হোসেন হিরু তালুকদার (৪৮), পশ্চিম চরবলেশ্বর গ্রামের মেনহাজ এর পুত্র যুবদল নেতা ফারুক হোসেন (২৮), পত্তাশী গ্রামের আকবর আলী শেখের পুত্র আল আমিন শেখ (৪২)ও চর বলেশ্বর গ্রামের মৃত: আলী আহমেদ বেপারীর পুত্র আবু সালেহ বেপারী (৫০)।

