পিরোজপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার: পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলায় এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ ইয়াবা জব্দের ঘটনা বলে জানিয়েছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকারী দল পিরোজপুর পৌর শহরের কপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের পঞ্চম তলা ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে ইয়াবাগুলো উদ্ধার করে। গ্রেফতার আসামির শয়নকক্ষের ওয়াড্রবের ভেতর কাপড়ের ব্যাগে লুকানো অবস্থায় ২০০ পিস করে তিন শত প্যাকেটে মোট ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। গ্রেফতারকৃত মিজানুর জামান বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মধ্য টেংরাখালী গ্রামের মৃত নুরুজ্জামান ফকিরের পুত্র। তার জাতীয় পরিচয়পত্রে ঠিকানা উল্লেখ রয়েছে— চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার বড় কুমিরা, জেবুল হোছেন চৌকিদার বাড়ি।
ডিবি সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর জামান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

