পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরে “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে পিরোজপুর নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর আয়োজনে এবং জেলা পুলিশ পিরোজপুরের সহযোগিতায় পুলিশ লাইন্স মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে অংশ করেন আলফা দল ও পুনাক দল।
অনুষ্ঠানে পিরোজপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী সুবর্ণা আক্তার সম্পা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জিয়াউর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন,“তারুণ্যকে সঠিক দিকনির্দেশনা দিতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। এমন আয়োজন তরুণ সদস্যদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। ভবিষ্যতেও জেলা পুলিশের উদ্যোগে খেলাধুলা ও সংস্কৃতিমূলক অনুষ্ঠান অব্যাহত থাকবে।” তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রতি শুভকামনা জানান।
পুনাক সভানেত্রীসভানেত্রী সুবর্ণা আক্তার সম্পা বলেন,“তারুণ্যের উৎসবের মাধ্যমে আমাদের সদস্যদের মাঝে একতা, সৌহার্দ্য ও ইতিবাচক মনোভাব গড়ে ওঠে। নারী সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধিতে পুনাক সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নারী পুলিশ সদস্যদের নিয়ে আরও বড় পরিসরে ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন করা হবে।” তিনি অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখার ঘোষণা দেন। প্রীতি ম্যাচ শেষে বিজয়ী দল ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

