পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার : পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তরা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। শনিবার(১৫ নভেম্বর) ভোররাতের কোনো এক সময় দাহ্য পদার্থ ব্যবহার করে স্মৃতিস্তম্ভের একটি অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, স্মৃতিস্তম্ভের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যের অবহেলার কারণে তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিস্তারিত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে বিএনপি, জামায়াত, ছাত্র-জনতা সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জড়ো হন। তারা দোষীদের দ্রুত আটক ও বিচারের দাবি জানান।

