নির্বাচন বানচাল করার সক্ষমতা কোনো অপশক্তির নেই: খুলনায় আইজিপি বাহারুল আলম

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে কোনো অপশক্তির নির্বাচন বানচালের সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, মানুষ এখন নির্বাচনমুখী, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

আজ শনিবার বিকালে খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নগরীতে কেএমপি পুলিশ লাইনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে তিনি খুলনার পাঁচটি লোকেশনে চলমান নির্বাচনী প্রশিক্ষণ পরিদর্শন করেন। সেইসঙ্গে তিনি খুলনা বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভা করেন।
আইজিপি বলেন, ‘১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ কিংবা কোন নির্বাচনে হামলা হয়নি। কোনও নির্বাচন মৃত্যুহীন হয়নি, কখনও পাঁচ, কখনও ১০, কখনও ২৫ জনের মৃত্যু হয়েছে। এবার আমরা চাই না একটাও মৃত্যু হোক। খুলনায় পুলিশের সব ইউনিটে নির্বাচনের জন্য প্রশিক্ষণ চলছে। গত তিনটা নির্বাচন নিয়ে নানা বিতর্ক আছে। সমালোচনা আছে। আমরা যেন সেসব বিতর্ক ও সমালোচনা থেকে বেরিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে পারি সে চেষ্টা করতে হবে। আমরা অর্পিত দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবো। সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে সেরকম লোকদের শনাক্ত করে নির্বাচনকালীন দায়িত্বে না রাখার পরিকল্পনা রয়েছে। জেলা পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজি এ ধরনের লোক চিহ্নিত করছেন। এখনও কাজ চলছে। আগামী জানুয়ারিতে এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে। দেশের মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে। সবাই ভোটের জন্য উদগ্রীব হয়ে আছে। কাজেই সবার সহযোগিতা নিয়ে আমরা সুষ্ঠু একটি নির্বাচন করতে চাই।’
আইজিপির সাথে এ সময় খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি জানান, পুলিশের নির্বাচনী দায়িত্ব পালনে অতীতের সমালোচনা এড়াতে এবার প্রথমবারের মতো সব ইউনিটকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪- এই তিন নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

নির্বাচনকে ঘিরে নাশকতা ও সহিংসতার বিষয়ে আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে পুলিশ একা নয়, সমাজের সাধারণ মানুষ আমাদের শক্তি। গুজব, মিথ্যা তথ্য ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা সবকিছু আমরা নজরদারিতে রেখেছি। পুলিশের অতীত বিতর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা পক্ষপাতিত্ব বা অনিয়মে জড়িত ছিলেন এবং সংশোধনযোগ্য নন তাদের নির্বাচন ডিউটিতে রাখা হবে না। এসপি ও ডিআইজিরা সংশ্লিষ্টদের চিহ্নিত করছেন। নির্বাচনের আগে তাদের তালিকা করে নির্বাচনি ডিউটি থেকে বাদ রাখা হবে।
সাংবাদিকদের নিরাপত্তা ও মাঠে কাজের পরিবেশ প্রসঙ্গে আইজিপি বলেন, সাংবাদিকদের কোনো রকম বাধা দেওয়া হবে না। বরং আমরা উৎসাহিত করব আপনারা যেন স্বাধীনভাবে ভোটের নিউজ কাভার করতে পারেন। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতি, প্রশিক্ষণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আইজিপি বাহারুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *