পিরোজপুর জেলা প্রশাসকের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে শহরের টাউন ক্লাব রোডে সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রশাসক আশরাফুল আলম খান দায়িত্ব গ্রহণের পর থেকেই পিরোজপুরে দৃশ্যমান উন্নয়নের সূচনা ঘটে। পিরোজপুরের সন্তান না হয়েও তিনি জেলার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন। তাঁর হাতে শুরু হওয়া অনেক উন্নয়ন প্রকল্প বর্তমানে চলমান রয়েছে।

বক্তারা আরও বলেন, শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া মৃতপ্রায় ভারানি খাল পুনঃখননের উদ্যোগ নেন আশরাফুল আলম খান, যার ফলে শহরটি ধীরে ধীরে জলাবদ্ধতা থেকে মুক্ত হতে শুরু করেছে। এছাড়া শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা, বেকুটিয়া সেতুর নিচে সৌন্দর্যবর্ধন কাজ, প্রবীণ পার্ক স্থাপন এবং দৃষ্টিনন্দন সিগনেচার সড়ক নির্মাণে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বক্তাদের দাবি, এসব চলমান উন্নয়ন প্রকল্প সম্পন্ন না হওয়া পর্যন্ত আশরাফুল আলম খানকে পিরোজপুরের জেলা প্রশাসক পদে বহাল রাখা উচিত। তাঁরা বলেন,“তিনি কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, বরং জনগণের স্বার্থে কাজ করেছেন। এমন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাকে আমরা হারাতে চাই না।”

এদিকে, গত শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং উন্নয়নমূলক পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন তিনি।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান, জুলাই যোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *