নির্বাচন পেছালে দায় বিএনপি-জামায়াতের: নাসীরুদ্দীন পাটওয়ারী

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক: ফেব্রুয়ারি/২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছালে তার দায় বিএনপি-জামায়াতের বলে মন্তব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বর্তমানে বড় দুটি রাজনৈতিক দলই জুলাই সনদ নিয়ে ভোটব্যাংক বাড়ানোর রাজনীতি করেছে। ‘বিএনপির ভাবনায় ছিল জুলাই সনদে দ্রুত স্বাক্ষর করে ফেব্রুয়ারির ইলেকশনটাও দ্রুত নামিয়ে আনা। এরপর জুলাই সনদ নিয়ে কী করা যায় সেটা পরে দেখা যাবে। অর্থাৎ বাস্তবায়ন করবে না। নব্বইতে তারা যে পরিস্থিতি কায়েম করেছিল সেই পরিস্থিতির দিকেই আবার হাঁটল। আর জামায়াতে ইসলাম ভেবেছে যে স্বাক্ষর করে দিয়ে যদি গণভোট নিয়ে মাঠ গরম করতে পারি তবে দাঁড়িপাল্লার ভোট বাড়বে। দুটি দলই আসলে নিজেদের ভোটব্যাংক বাড়ানোর জন্য সংস্কার প্রক্রিয়াকে ব্যবহার করেছে।’
পাটওয়ারী আরও বলেন, ‘আগে সাকিব আল হাসান, মাশরাফি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে নৌকার ভোট চাইত। দেশে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এসেছে যারা ধানের শীষে ভোট চায়। শহীদ পরিবারের পাশে আছি। তবে চব্বিশের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না।’
‘বিএনপি নমিনেশন দিয়ে প্রার্থীদের বললো তোমরা মাঠে শোডাউন দাও, কয়েকজন মারাও গেছে এবং জামায়াত যখন মাঠে নামলো, সেখানে বিএনপি বললো যে, একাত্তরের পরাজিত শক্তি আবার মাঠে চলে আসছে। আপনারা একইসঙ্গে ঐকমত্য কমিশনে ছিলেন, একইসঙ্গে মিটিং করলেন, একইসঙ্গে সব কিছু করলেন, এখন যখন একটা পর্যায়ে আলোচনা টেবিলে আসলো, ভোটের প্রশ্ন আসলো, তখন একদল অন্যদলকে—যেটা আওয়ামী লীগের সময় ছিল, বিষোদগার করা, সেই প্রক্রিয়ার মধ্যে আপনারা চলে গেলেন,’ যোগ করেন তিনি।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সমগ্র বাংলাদেশ সংস্কারকে স্বাগত জানালেও বিএনপি তার বিপরীতে অবস্থানে আছে। তিনি জানান, ‘২৪ এর অভ্যুত্থান কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে এনসিপি বসে থাকবে না।
এই এনসিপি নেতা আরও বলেন, ‘ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইলেকশন পেছানোর জন্য দায়ী থাকবেন। আপনাদের দুটি দলকেই জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *