চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, মির্জা ফখরুলের উদ্বেগ একই মঞ্চে গুলিবিদ্ধ সরোয়ার বাবলার মৃত্যু
স্টাফ রিপোটার: চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে গণসংযোগকালে বুধবার বিকাল সোয়া ৫ টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে এরশাদ উল্লাহর সঙ্গে নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়া সরোয়ার হোসেন বাবলা (৪৩) গুলিতে নিহত হয়েছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলিতে আহত সরোয়ার মারা গেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এরশাদ উল্লাহর গণসংযোগে হামলাকারীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি। স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এমন সময় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। কারা এরশাদ উল্লাহকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি।
এরশাদ উল্লাহর সমর্থকরা জানিয়েছেন, হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্ল্যাহ। এসময় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এসময় আরও একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান বিএনপির এক নেতা। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গুলির ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। আমি হাসপাতালে যাচ্ছি। প্রসঙ্গত, এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।

