আমরা নির্বাচনে জোট করবো না: সমঝোতা করতে পারি জামায়াত আমির

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী জোট গঠন করবে না বলে জানিয়েছেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘জোট গঠন না করলেও আমরা সমঝোতা করতে পারি।’ বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান।

নির্বাচনে জোটের বিষয়ে জামায়াত আমির বলেন, ‘আগামী নির্বাচনে আমরা কোনো জোট করব না, এইটা আমাদের সিদ্ধান্ত। তাহলে কী করব? আমরা নির্বাচনি সমঝোতা করব। আমরা যে কথাটি বলেছি, প্রত্যেকটি জায়গায় একটা বাক্স থাকবে। এই নীতিতে আমরা আগাচ্ছি এবং এইখানে শুধু ইমলামি দল না, এর পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতোমধ্যে সংযুক্ত হচ্ছেন। আপনারা সামনে আরও দেখতে পারবেন সংযুক্ত হচ্ছে।’ গণভোটের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘গণভোটের বিষয়ে একদম পরিষ্কার। গণভোট না হলে কীসের ভিত্তিতে নির্বাচন হবে? আমরা চাই গণভোট আগে হোক এবং জুলাই সনদ তার আইনি বাস্তবতা খুঁজে পাক।’ জামায়াতের প্রার্থী ঘোষণার বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘জামায়াতের প্রার্থীদের মনোনয়ন ঘোষণা যথাসময়ে ঘোষণার কথা এর আগেও বলেছি। আমরা আমাদের প্রার্থীদের নাম একটি সুন্দর সময়ে ঘোষণা করব।’

পিআর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যা করি জনগণকে নিয়ে করব। জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করব না। জনগণ যদি আমাদের পিআরের দাবিকে সমর্থন করে এবং দেশে সুস্থ রাজনীতির জন্য ভবিষ্যতে ফ্যাসিবাদ বারবার ফিরে না আসুক তার জন্য এই পিআরটা উপযুক্ত হবে, যেটা বিশ্বের ৯১টি দেশে প্র্যাকটিস হয়ে থাকে, জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি জনগণ এটা গ্রহণ করবে। যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি সেহেতু আমরা আমাদের দাবি অব্যাহত রাখব।’

ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির নির্বাচন আদায় করে ছাড়ব ইনশাল্লাহ। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে।’ তৃতীয়বারের মতো দলটির আমির নির্বাচিত হওয়ার পর প্রথম সিলেট সফরে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হোন শফিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *