নিবন্ধন পেল এনসিপিসহ ৩ রাজনৈতিক দল

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
নতুন দলগুলোর উপর আগামীকাল দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানান ইসি সচিব। ১২ নভেম্বর পর্যন্ত দাবি আপত্তি জানানো যাবে উল্লেখ করে নির্ধারিত সময় পরেই গেজেট হবে বলে জানান তিনি। ইসি সচিব বলেন, নিবন্ধনের লাইনে থাকা ৮টি রাজনৈতিক দল শেষ পর্যন্ত কোয়ালিফাই করেনি। এছাড়া রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেয়া হবে। আর ৩টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করে কমিশন মনে করেছে তারা নিবন্ধন পাবে না।
পুনরায় মাঠপর্যায়ের তদন্তে যে ১০টি দলকে পাঠানো হবে সেগুলো হলো— আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় লীগ।
আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়।
এছাড়া কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরে থাকে ইসি। এ প্রধান শর্তগুলো ছাড়াও বেশকিছু নিয়ম কানুন মেনে আবেদন করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *