পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর পৌরসভার একমাত্র বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি এস. এম. সাইদুল ইসলাম কিসমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবাইয়াত ফেরদৌস এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদ্দুজ্জামান মিঠু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল।

অনুষ্ঠানে মোট ১১৬ জন নবীন শিক্ষার্থীকে ফুল ও বই প্রদান করে বরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আফতাবউদ্দিন কলেজ পিরোজপুরে মানসম্মত শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষা শুধু পেশাগত নয়, এটি নৈতিকতা ও মানবিকতার চর্চারও একটি মাধ্যম।”

অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জিয়াউদ্দিন আহমেদ প্রতিষ্ঠা করেছিলেন আফতাবউদ্দিন কলেজ, যা দীর্ঘদিন ধরে জেলার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *