যুবদল নেতা নয়নের চাঁদাবাজির টাকা নিয়ে গণভোট করা সম্ভব: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপরাধ তথ্যচিত্র ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে। ৫ আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থী যে টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে। এ ছাড়া ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করছে ওই টাকা দিয়েও একটা গণভোট আয়োজন করা সম্ভব।
শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারা বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো চুরি করেছিল, এগুলো তো আপনার-আমার সম্পদ, এগুলো তো রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়ার কথা। এজন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখব আপনারা যে ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী বাংলাদেশে কায়েম করেছেন, জনগণের টাকা লোপাট করেছেন এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন।
বিএনপি নেতাদের বুড়িগঙ্গার পানি দিয়ে ক্লিন করতে হবে মন্তব্য করে এনসিপি নেতা নাসীরুদ্দীন বলেন, আরেকটা হলো যে- আমরা ওনাদেরকে (বিএনপি নেতাদের) এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি। কিন্তু ওনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, কিছুই হয় নাই। এজন্য আমাদের মনে হয় এখন উনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা সিনিয়র নেতারা আছেন, রাজনৈতিক অপসংস্কৃতি থেকে যদি লাঠালাঠি পাল্লাপাল্লি এগুলো থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন তাহলে আপনাদেরকে আমরা বুড়িগঙ্গা পানি দিয়ে একটু গোসল করাবো। যাতে ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে। এর চেয়ে আর মকারি আপনাদেরকে নিয়ে করতে পারি না। আমাকে এমনে বলা হয়ে থাকে আমি নাকি বিএনপির ব্যক্তিগত বা জামায়াতের বিরুদ্ধে কথা বলি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমার তো ভাই আপনার কারো সাথে পার্সোনাল কোনো ক্ষতি বা সম্পর্ক নাই। এখন আমি এখানে রাজনীতি করতে আসছি। আমাদের এখনো ছোট বয়স। আমাদের এখনো মাথা আমরা কারো কাছে বিক্রি করি নাই। ফলে আমরা সত্য কথাগুলো বলতে পারি। এজন্য সত্য কথাগুলো বলি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে। তবে এই নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। নাসীরুদ্দীন বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি যদি জুলাই সনদের আদেশটা জারি করতে পারেন, তাহলে আপনি জনগণের সরকার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। আপনাকে আমরা আহ্বান জানাব, শহীদ মিনারে গিয়ে সব রাজনীতির দল ও জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদে বাস্তবায়নের আদেশ জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *