দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাতে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার মমিনপুর সুইচগেট সংলগ্ন কামারগাতী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর সদস্যরা।

অভিযানকালে দিঘলিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ারুল (৩৬) কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে।

নৌবাহিনীর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কারবারিদের উপস্থিতির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আনোয়ারুল পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয় এবং তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও আটক আসামিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *