অন্তর্বর্তী সরকার প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

সেখ রাসেল, ব্যূরো চিফ, খুলনা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। কিছুদিন আগে এনসিপি বলেছে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে। এখন বিএনপি বলছে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে। গতকাল ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ সভার আয়োজন করে নাগরিক ঐক্য।
মান্না বলেন, সবার ধারণা ছিল, নোট অব ডিসেন্ট বা ভিন্নমতসহ সংস্কার প্রস্তাবগুলো গণভোটে যাবে। কিন্তু নোট অব ডিসেন্ট বাদ দিয়ে ঐকমত্য কমিশন একটা বাজে কাজ করেছে। দেশে একটা সংকট চলছে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এই সংকট বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে এখান থেকে বেরোনোর উপায় বের করতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে। দলগুলো একে অপরকে হুমকি দিলে সমস্যার সমাধান হবে না। তাতে অন্ধকারের শক্তি সামনে চলে আসতে পারে।

বিএনপি ও গণতন্ত্র মঞ্চ যুক্ত হয়ে কীভাবে নির্বাচন করতে পারে, সেটি নিয়ে কথাবার্তা শুরু হয়েছে বলে জানান মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, প্রার্থিতার বিষয়ে আলোচনা করা হবে। এটি চলতে থাকবে। একই সঙ্গে গণতন্ত্র মঞ্চ আরও তিনটি দলের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাবে। এসব দল চাইলে একসঙ্গে মিছিল-মিটিংও করতে পারে। নিজেরা চলতে চলতে বৃহত্তর ঐক্য হলে সেটি সবার জন্যই ভালো হবে। বিএনপি বা অন্যদের এ ক্ষেত্রে অখুশি হওয়ার কিছু নেই। তবে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলোর সঙ্গে বা এনসিপির সঙ্গে যদি বিএনপির নির্বাচনী সমঝোতা হয়, তারপরও দলগুলোকে নিজেদের মতো করে রাজনৈতিক চর্চা করতে হবে।

দুই মাস পর নির্বাচন হয়ে গেলে সরকারের উপদেষ্টাদের আর পাওয়া যাবে না উল্লেখ করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, উপদেষ্টারা মনে করেন, তাঁরা যত তাড়াতাড়ি বিদায় নিতে পারেন, তত ভালো। এখন দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। এখন মাথা ঠান্ডা রেখে বুদ্ধির সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *