ঝিনাইদহে কৃষকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা -ঝিনাইদহে কৃষকদল নেতা মানিক মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের মধুপুর চৌরাস্তায় এই কর্মসূচির আয়োজন করে সদর উপজেলার ভূপতিপুর গ্রামবাসী।
মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন কৃষকদল নেতা মানিক মোল্লার বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ‘অগ্রযাত্রা প্রতিদিন’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে মানিক মোল্লার নামে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে তারা জানান।
বক্তারা বলেন, রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তারা অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ বাবলু ও লাবলুর রহমান বাবলু, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু জাফর, যুগ্ম আহ্বায়ক মাফিরুল ইসলাম, ভূপতিপুর মারকাজ মসজিদের খতিব মুফতি আব্দুস সালাম, পোড়াহাটি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আলমগীর হোসেন আলমসহ আরও অনেকে।
ঝিনাইদহে দুর্নীতিবিরোধী গণশুনানি ও অভিভাবক সমাবেশ
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’— এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী গণশুনানি ও অভিভাবক সমাবেশ। বুধবার সকালে সদর উপজেলার চরখাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটি (সনাক) এ আয়োজন করে।
সমাবেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, সহকারী জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহা. খালেকুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা শবনম, সনাক সভাপতি এম সাইফুল মাবুদ, সদস্য এন এম শাহজালাল, সুরাইয়া পারভীন মলিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
গণশুনানিতে স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন অংশ নেন। তারা বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, উপবৃত্তি বণ্টনে স্বচ্ছতা, শিক্ষক উপস্থিতি নিশ্চিতকরণসহ বিভিন্ন সমস্যা ও অনিয়মের বিষয় তুলে ধরেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আয়োজকরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। এ ধরনের গণশুনানি দুর্নীতি রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।##

