সঠিক সময়ে নির্বাচন না হলেও জুলাই সনদ ও গণভোটের দাবি: ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘যেকোন কারণ বশতঃ সঠিক সময়ে নির্বাচন না-ও হতে পারে! কিন্তু জুলাই সনদ পাস করতেই হবে। তাই জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ ও সংস্কার প্রশ্নে আলাদা করে গণভোট দিতে হবে।’
আজ বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তাহের।
ড. তাহের বলেন, ‘যদি কোনো কারণে জাতীয় নির্বাচন সঠিক সময়ে নাও হতে পারে, আমরা আশা করি, সঠিক সময়ে ইনশাআল্লাহ হবে। তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ একটা সংস্কার, সেজন্য আমরা বলেছি, আগেই গণভোট হতে হবে।’ গণভোটের জন্য পর্যাপ্ত সময় আছে কিনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সময় আছে। বাংলাদেশে দুইটা গণভোট হয়েছে, ৭ দিনের ব্যবধানে, ২১ দিনের ব্যবধানে।’ জামায়াতের নায়েবে আমির আরও বলেন, গণভোটের সাথে উচ্চকক্ষে পিআরের বিষয়টিও জড়িত, কাজেই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে তা সমাধান করতে হবে। তার মতে, ‘জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করা প্রয়োজন।’ নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই এর চাপ পড়তে পারে বলে জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ, সরকারের অবস্থান ও জামায়াতের ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনার কথা জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার তার সবই জামায়াতের রয়েছে বলেও প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

