বাগাতিপাড়ায় ক্যাব সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ভিপি জমিতে বহুতল ভবন নির্মাণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর): নাটোরের বাগাতিপাড়া উপজেলায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল মজিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য গোলাম রাব্বানী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খন্দকার মালঞ্চি গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে মো. আব্দুল মজিদ ক্যাবের সভাপতি হওয়ার পর থেকে তার নিজ মালিকানাধীন স্ট্যাম্প ভেন্ডার থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রি শুরু করেন। এ সময় তিনি কোনো রশিদ প্রদান করেন না এবং দোকানে মূল্যতালিকাও প্রদর্শন করেন না। ফলে সাধারণ ভোক্তারা নিয়মিতভাবে প্রতারিত হচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, উক্ত আব্দুল মজিদ সরকারি ভিপি (ভূমিহীন পুনর্বাসন) সম্পত্তিতে বিধিবহির্ভূতভাবে চারতলা ভবন নির্মাণ করেছেন। ভবনটির কোনো নকশা অনুমোদন, প্ল্যান পাস, পরিবেশ ছাড়পত্র কিংবা ফায়ার সার্ভিসের লাইসেন্স নেই। এমনকি উক্ত ভবনের কর ও খাজনাও তিনি পরিশোধ করেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া বৈধ বা দৃশ্যমান কোনো আয়ের উৎস না থাকা সত্ত্বেও তিনি বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে তথ্য গোপন করে ঋণ গ্রহণ করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও একটি রাজনৈতিক দলের সন্ত্রাসী ক্যাডারদের সহায়তায় তিনি জোরপূর্বক জমি দখলের সঙ্গেও জড়িত আছেন বলে অভিযোগে দাবি করা হয়।

অভিযোগকারী সাবেক ইউপি সদস্য গোলাম রাব্বানী বলেন, “জনস্বার্থে দুর্নীতিবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।”

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইমা খাতুন বলেন, “ধরনের একটি লিখিত অভিযোগ আমিও পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, “ভিপি সম্পত্তিতে কোনো ধরনের ভবন নির্মাণের এখতিয়ার নেই, বিক্রিরও সুযোগ নেই। অভিযোগ পেয়েছি, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মাহবুবুর রহমান বলেন, “নির্দিষ্ট আয়ের উৎস না থাকা সত্ত্বেও তিনি কীভাবে বহুতল ভবন নির্মাণ করলেন, এটি স্পষ্টতই নীতিভ্রষ্ট কর্মকাণ্ড।”

অন্যদিকে অভিযুক্ত মো. আব্দুল মজিদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরে এমন অভিযোগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *