পিরোজপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস বিক্রির চেষ্টা: ব্যবসায়ীকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার:
পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া এলাকায় অ্যানথ্রাক্সে আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন পিরোজপুর সদর উপজেলার হরিনা গাজীপুর গ্রামের মোঃ রুস্তম আলীর পুত্র মো. রাজা (৩৫)। তিনি পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার রয়েল বেঙ্গল মার্কেটের এক মাংস ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজা গোপনে অ্যানথ্রাক্সে আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা বিষয়টি শনাক্ত করে প্রশাসনকে অবহিত করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা নিশ্চিত করেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ঘটনাস্থলে উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওলিউল্লাহ বলেন,২৬ অক্টোবর ভোরে রাজা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি গিয়ে গর্ভবতী গরুটির প্রসব করাই। মৃত বাচ্চা প্রসবের পর দেখি মা গরুর একটি পা সম্পূর্ণ পচে গেছে। এটি অ্যানথ্রাক্সে আক্রান্ত ছিল এবং কোনোভাবেই এই মাংস মানুষের খাবার উপযোগী নয়।”
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন বলেন,জনস্বাস্থ্য রক্ষায় মাংস কেনাবেচায় সবাইকে সচেতন থাকতে হবে। অসুস্থ বা মৃত পশুর মাংস বিক্রির চেষ্টা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যানথ্রাক্স আক্রান্ত পশু জবাই ও মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আক্রান্ত গরুর মাংস আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

