প্রধান উপদেষ্টার কারণে সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য অপেক্ষায় বসে আছে: তথ্য উপদেষ্টা মাহফুজ

সেখ রাসেল সহকারী দপ্তর সম্পাদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কারণে অনেকেই সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলম বলেছেন, ‘সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি, যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ, এটা যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে।
শনিবার রাজধানীতে ‘মাজার সংস্কৃতি – সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা’ শিরোনামের জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন।
সরকার বদলালেই মসজিদের ইমাম পরিবর্তন হয়ে যায়, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবর্তন হয়। তথ্য উপদেষ্টা বলেন, মুসলিমদের ঐক্যবদ্ধ করা নিয়ে বিগত রাজনৈতিক নেতারা কিছু ভাবেননি। সবাই ব্যবহার করেছেন কেউ সুন্নিদের, কেউ কওমিদের। অনেকেই রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে চায়। অথচ তারা এ অঞ্চলের ইসলামের ইতিহাস পড়েননি। নিজেকে রক্ষা করার জন্যই সুফিবাদের সঙ্গে আওয়ামী লীগের সংযোগ ছিল। এখানেই ধর্মীয় রাজনীতি আটকে গেছে। কওমি রাজনীতিতে একই ঘটনা ঘটেছে। মাজারে আক্রমণের পর অনেককেই গ্রেফতার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনা সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে।
মাহফুজ আলম বলেন, গত ১৫ বছরে একটি রাজনৈতিক দলের সঙ্গে আদর্শিক বিরোধিতার জায়গা থেকে সুফি ঘরানাদের সঙ্গে আওয়ামী লীগের একটি সংযোগ ঘটেছিল। আওয়ামী লীগ তাদের সুরক্ষা দেবে এবং তারা আওয়ামী লীগকে ভোট দেবে। এই পরিমণ্ডলেই ধর্মীয় রাজনীতিটা আটকে গেছে। কওমিরাও এর বাইরে নয় বলেও মনে করেন তিনি। তারাও বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে ব্যবহৃত হয়েছে।
বক্তব্যের শেষে তথ্য উপদষ্টা কবে পদত্যাগ করবেন, এ প্রশ্ন করেন একজন সাংবাদিক। তবে আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত বিষয় না হওয়ায় উপদেষ্টা এ প্রশ্নের উত্তর দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *