ঝিনাইদহে ৮ দফা দাবিতে খুলনা বিভাগের সিএইচসিপিদের মানববন্ধন অনুষ্ঠিত

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
বকেয়া বেতন পরিশোধ, ১২তম গ্রেডে উন্নীতকরণ ও চাকরি প্রবিধানমালা প্রণয়নসহ ৮ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিভাগের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।
বুধবার বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন, খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সিএইচসিপি সদস্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি তারিকুজ্জামান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, যশোর জেলা সভাপতি আসলাম উদ্দিনসহ খুলনা বিভাগের ১০টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে নিরলসভাবে স্বাস্থ্যসেবা দিয়ে আসলেও তারা এখনো প্রাপ্য বেতন, পদোন্নতি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অবিলম্বে ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা সতর্ক করেন, দাবি পূরণে বিলম্ব হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *