মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাস্টাররোল শ্রমিক-কর্মচারীদের বেতনসহ নানা দাবি আদায়ের লক্ষ্যে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সওজ কার্যালয় সংলগ্ন সড়কে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, পিরোজপুর জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে সাত দফা দাবির আলোকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সওজ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিরোজপুর সড়ক বিভাগ (সওজ) শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ আলমগীর হোসেন। আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি এস. এম. মনিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মহসীন শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রচার সম্পাদক মোঃ মারুফ হোসেন।
বক্তারা বলেন, মাস্টাররোল শ্রমিকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী “৩২১১১০৪-আনুষঙ্গিক প্রতিষ্ঠান” কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রদান নিশ্চিত করতে হবে। পাশাপাশি বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে তাদের দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানান তারা।
তারা আরও বলেন, সওজের ৩য় ও ৪র্থ শ্রেণির নিয়মিত শ্রমিকদের স্থায়ীকরণ ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে “দৈনিক সাময়িক নীতিমালা ২০২৫” বাতিল করে শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বক্তারা মন্ত্রণালয়ে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে প্রস্তাব প্রেরণের দাবি জানান। এছাড়া উন্নয়ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরি করে প্রকল্প শেষে রাজস্ব খাতে অন্তর্ভুক্তি এবং প্রকল্পভিত্তিক গাড়ি ভাড়া ভেন্ডারের মাধ্যমে না দেওয়ার দাবি জানান তারা

