পিরোজপুরে হারানো মোবাইল ও টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন – পুলিশ সুপার
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
“জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল লক্ষ্য। হারানো সম্পদ ফেরত দেওয়া মানেই শুধু দায়িত্ব পালন নয়, এটি মানবিকতার প্রতীক।” — এমন মন্তব্য করেছেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় পুলিশ সুপারের সভা কক্ষে পিরোজপুর জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা কর্তৃক উদ্ধারকৃত ২৯টি মোবাইল ফোন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক উদ্ধারকৃত ২৬,১৯০ টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
এ সময় পুলিশ সুপার বলেন,যেকোনো হারানো জিনিস বা প্রতারণার ঘটনায় জনগণ যেন নির্ভয়ে থানায় জিডি করেন। আমরা প্রতিটি জিডি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করি এবং প্রযুক্তির সহায়তায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করি।”
উল্লেখ্য, জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা বিভিন্ন সময়ে অত্র জেলার বিভিন্ন থানায় হারানো মোবাইল সংক্রান্ত জিডিসমূহ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেছে।
এ ছাড়া অভিযোগের প্রেক্ষিতে থানায় রেকর্ডকৃত জিডি মূলে তথ্য প্রযুক্তির সহায়তায় নাজিরপুর থানা ১টি এবং ভান্ডারিয়া থানা ১টি ফেইক ফেসবুক আইডি শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।
উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে—
সদর থানার জিডি মূলে ০৯টি, ইন্দুরকানী ০৩টি, মঠবাড়ীয়া ০৭টি, নাজিরপুর ০৬টি, ভান্ডারিয়া ০২টি, নেছারাবাদ ০১টি এবং কাউখালী থানার ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অন্যদিকে, গত ২২ মার্চ পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান অভিজিৎ বিশ্বাস এর নিকট হতে ছিনিয়ে নেওয়া ২৬,১৯০ টাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে উদ্ধার করে ভুক্তভোগীর নিকট ফেরত দেয়।
ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ও টাকা ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পিরোজপুর জেলা পুলিশের এ ধরনের জনবান্ধব ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

