পিরোজপুরে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার:
“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুর রাজ্জাক সাইফ-মিজান সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সার্কিট হাউসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আবু মুসা খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইশরাত জাহান।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মাসুম মিয়া। তিনি বলেন, “সঠিক, নির্ভুল ও মানসম্মত পরিসংখ্যানই টেকসই উন্নয়নের ভিত্তি। পরিকল্পনা, বাস্তবায়ন ও অগ্রগতি মূল্যায়নের প্রতিটি ধাপে তথ্যের সঠিকতা অপরিহার্য।”
সঞ্চালনার দায়িত্ব পালন করেন পিরোজপুর সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পরিসংখ্যান শুধু সংখ্যার হিসাব নয়—এটি একটি জাতির উন্নয়নের সূচক, পরিকল্পনার মানদণ্ড এবং নীতিনির্ধারণের ভিত্তি। তথ্যনির্ভর প্রশাসন ও পরিসংখ্যানভিত্তিক নীতিমালা প্রণয়নের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

