ঝিনাইদহে ভোজ্য তেলে পোড়া মবিল মেশানোয় মিল কর্মীর যাবজ্জীবন

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহে ভোজ্য সরিষার তেলে পোড়া মবিল মেশানোর দায়ে আশরাফুল ইসলাম (৩৮) নামে এক মিল কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. মাহবুব আলম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আশরাফুল শহরের খন্দকার পাড়ার মৃত তোজাম উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৬ ডিসেম্বর গভীর রাতে ঝিনাইদহের হামদহ এলাকায় শেরে বাংলা অয়েল অ্যান্ড রাইস মিলের মালিক আ. মালেক ও কালীচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানের পরিকল্পনা ও প্রত্যক্ষ মদদে সততা অয়েল মিলসের ১২ ড্রাম সরিষার তেলের মধ্যে পোড়া মবিল মেশানো হয়। এই কাজে অংশ নেয় আশরাফুলসহ আরও পাঁচজন। উদ্দেশ্য ছিল সততা অয়েল মিলের মালিক নওশের আলীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা। ঘটনার পর পুরো শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় নওশের আলী বাদী হয়ে ঝিনাইদহ থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে এটি এজাহার হিসেবে (মামলা নং এসটিসি-৮৩/১১) রেকর্ড হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুর রহমান আদালতে ৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক প্রক্রিয়ার চলাকালে ২০২১ সালে আসামি হাফিজ চেয়ারম্যান মারা যান। দীর্ঘ ১৪ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আশরাফুল ইসলামকে যাবজ্জীবন (১৪ বছর) কারাদণ্ড দেন এবং বাকি আসামিদের খালাস প্রদান করেন।

মামলার বাদী মরহুম নওশের আলীর পুত্র ও সততা অয়েল মিলসের বর্তমান মালিক মিরাজ জামান রাজ বলেন,এই রায়ে আমরা আংশিক সন্তুষ্ট। তবে মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা শেরে বাংলা অয়েল অ্যান্ড রাইস মিলের মালিক আব্দুল মালেকসহ সহযোগীরা খালাস পেয়েছেন, যা হতাশাজনক। তিনি জানান, অন্যান্য আসামিদেরও শাস্তি নিশ্চিত করতে তারা উচ্চ আদালতে আপিল করবেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *