মতলবে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মেশিন জব্দ
মোঃ খোরশেদ আলমঃ মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিল থেকে দুটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২০ অক্টোবর) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।
সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযান পরিচালনার সময় ইউনিয়নের ওই বিল থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল। এতে আশপাশের ভূমির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রতিনিয়ত। অভিযান পরিচালনার সময় ড্রেজার মেশিনটির মালিক সানাউল্লাহ কে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ সময় পুলিশ প্রশাসনের সহায়তায় দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
উল্লেখ্য যে, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বিল থেকে মাটি কাটার দায়ে চলতি মাসের ৯ তারিখ সানাউল্লাহকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত সানাউল্লাহ মতলব পৌরসভার বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন, আইন লঙ্ঘন করে যারা ড্রেজার দিয়ে মাটি কাটবে তাদের বিষয়ে আমাদের অভিযান চলমান থাকবে।
ক্যাপশন: ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।

