সরকার জুলাই বিপ্লবীদের সাথে সুবিচার করতে ব্যর্থ হয়েছে : জামায়াতের আমীর ডা: শফিক

অপরাথ তথ্য চিত্র ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু অন্তর্বর্তী সরকার তাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিচ্ছে না। অর্জিত এ বিপ্লব ও বিপ্লবীদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হলে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। কিন্তু সরকার তাদের সাথে সুবিচার করতে ব্যর্থ হয়েছে। দাবি আদায়ে তাদেরকে আবারো রাজপথে নামতে হচ্ছে। আর সে দাবি আদায়ের লক্ষ্যেই তারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান গ্রহণ করেছে। সরকার তাদের সাথে কী ধরনের আচরণ করেছে তা আমার কাছে এখনো স্পষ্ট নয়। তবে যা শোনা যাচ্ছে তাতে আমি লজ্জিত ও ব্যথিত। তিনি জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সে সনদের ভিত্তিতে আগামীতে নির্বাচন দেয়ার আহবান জানান। এ বিষযে কোনো টালবাহানা জনগণ কোনোভাবেই মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি।

গতকাল দুপুরে রাজধানীর মিরপুর-১০-এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে ঢাকা-১৫ আসনের আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে ও ঢাকা-১৫ আসনের সদস্যসচিব ও মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহম্মদ তসলিম ও ঢাকা মহনগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শহিদুল্লাহ, শ্রমিক কল্যাণের সেক্রেটারি আতিকুর রহমান, ঢাকা উত্তরের মহানগরী কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানা আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, মহানগরী যুব বিভাগের সভাপতি ডা: মো: মঈন উদ্দিন, কাফরুল উত্তরের আমির রেজাউল করিম মাহমুদ প্রমুখ।

আওয়ামী-ফ্যাসিবাদী অপশাসন-দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে ছাত্র-জনতার সাথে দেশের শ্রমিকসমাজ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন বলে মন্তব্য করে ডা: শফিকুর রহমান বলেন, আগস্ট বিপ্লব এমনিতেই হয়নি বরং এ জন্য অনেক ত্যাগ ও কোরবানির প্রয়োজন হয়েছে। মূলত, ছাত্র, তরুণ-যুবক ও শ্রমিক সমাজের ঐক্যবদ্ধ বিপ্লবের কাছে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে বিদেশে পালাতে বাধ্য হয়েছেন। এ জন্য রাজপথে অনেকেই জীবন দিয়েছেন। হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। অনেকে ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরিসহ জীবন-জীবিকার অনুষঙ্গ হারিয়েছেন। ভিটে ছাড়া করা হয়েছে অনেককেই। এমনকি বিরোধী মতের লোকজনদের বাড়িঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়ে আশ্রয়হীন করা হয়েছে। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের এক হাজার শহীদের তালিকা আমাদের হাতে রয়েছে। এদের মধ্যে ৬০ শতাংশই শ্রমিক শ্রেণীর মানুষ। অন্যরা ৪০ শতাংশ। আবার শ্রমিকদের অধিকাংশ একেবারে প্রান্তিক শ্রেণীর। মূলত, দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালেই শ্রমিক সমাজ সবসময় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। তাই দেশে ন্যায়-ইনসাফের সমাজপ্রতিষ্ঠায় শ্রমিকদেরকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে হবে।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবপূর্ব বাংলাদেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, অপরাধ ও জুলুমবাজিতে গোটা দেশ ছেয়ে গিয়েছিল। কিন্তু ফ্যাসিবাদের পতনের পর জনগণের মধ্যে যে আশাবাদের সৃষ্টি হয়েছিল, অন্তর্বর্তী সরকার সে ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দেশে দুর্নীতি ও অনিয়ম এখনো রয়ে গেছে। সরকার জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে পারেনি। তাই এ অবস্থার একটি ইতিবাচক পরিবর্তন সরকার।

তিনি আওয়ামী লীগের আমলে জামায়াতের ওপর জুলুম-নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, জামায়াত একটি মজলুম সংগঠন। পতিত সরকারের আমলে জামায়াতের ওপর ব্যাপক জুলুম-নির্যাতন চালানো হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের ওপর এমন জুলুম-নির্যাতন ভারতীয় উপমহাদেশে কখনো দেখা যায়নি। এমনকি আমাদের দেশেও অতীতে এমনটি হয়নি। শেষ পর্যন্ত ফ্যাসিবাদীরা জামায়াত নিষিদ্ধ করেই ছেড়েছে। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি বরং তারা এখন ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। তিনি দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে শ্রমিক সমাজকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ঢাকা ১৭-এর প্রতিটি ঘরে এস এম খালিদুজ্জামানের সালাম পৌঁছে দিতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডা: এস এম খালিদুজ্জামানকে বিজয়ী করার লক্ষ্যে ঢাকা-১৭-এর প্রতিটি ঘরে তার সালাম ও দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দিতে হবে উল্লেখ করে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আগামীর নির্বাচন শুধুমাত্র ভোটের লড়াই নয়, এদেশের মানুষের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের লড়াই। এ লড়াইয়ে পূর্ণ দ্বীনি চেতনা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

গতকাল ঢাকা-১৭ নির্বাচনী এলাকার রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে আয়োজিত এই সম্মেলনে আরো বক্তৃতা করেন, ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ডা: এস এম খালিদুজ্জামান।

ঢাকা মহানগরী দক্ষিণ : অতীতে কোনো সরকার জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করেনি উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটি স্বাস্থ্যসেবা। কিন্তু জনগণের স্বাস্থ্যসেবা তো রাষ্ট্র নিশ্চিত করেনি বরং স্বাস্থ্য খাতকে সরকারদলীয় লোকজন ধ্বংস করে দিয়েছে।

গতকাল জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো: নুরুন্নবী রায়হানের পরিচালনায় সেগুনবাগিচায় অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টর ফোরামের সহসভাপতি ডা: মো: তোফাজ্জল হোসেন, সেগুনবাগিচা সোসাইটির সিনিয়র সহসভাপতি এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গিয়াসউদ্দিন মিঠু, মহানগরী পেশাজীবী নেতা সরদার আব্দুল কাদের, পল্টন নাগরিক ফোরামের সভাপতি মো: ওবায়দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ প্রদান করা হয়।

এখনো জুলাই যোদ্ধাদের আন্দোলনে জাতি লজ্জিত : অ্যাডভোকেট জুবায়ের : সিলেট ব্যুরো জানায়, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান জাতির ঐতিহাসিক ও রক্তস্নাত অর্জন। জুলাই যোদ্ধারা জাতির গর্বিত সন্তান। তাদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য জুলাই যোদ্ধাদের আন্দোলন ও আবার আহত হওয়ার ঘটনায় জাতি লজ্জিত। অবিলম্বে জুলাই যোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা প্রদানসহ জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে।

তিনি গতকাল সিলেট মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত রুকন সম্মেলনে মহানগর কর্মপরিষদের সব নেতৃবৃন্দ অংশ নেন।

সাভারে জামায়াতের নির্বাচনী জনসভা : সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানালা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। তিনি গতকাল শুক্রবার বিকেলে সাভার সদর ইউনিয়নের কলমা ওয়াজ আলী মডেল স্কুল মাঠে সাভার সদর ইউনিয়নের আমির মহরম আলীর সভাপতিত্বে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি এবং জামায়াত মনোনীত প্রার্থী ঢাকা- ১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য মাওলানা আফজাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা আইনবিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, জেলার রাজনৈতিকবিষয়ক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী হাসান মাহবুব মাস্টার, সাংস্কৃতিকবিষয়ক সেক্রেটারি অধ্যক্ষ মো: লুৎফুর রহমান, সাভার থানা আমির মোহাম্মদ আব্দুল কাদের, সেক্রেটারি আসাদুজ্জামান রাসেল, জামায়াত মনোনীত সাভার সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুর রহিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *