ডাকসু, জাকসু, চাকসু এবং রাকসু চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয় পক্ষান্তরে ছাত্রদলের ভরাডুবি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে বলে মন্তব্য অধ্যাপক ড. মির্জা গালিব
কুটনৈতিক প্রতিবেদক: দেশের চার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে বিপুল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলগুলো। ৪ টি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ পদে বিজয়ী হয়ে শিবিরের প্রার্থীরা এবার ছাত্ররাজনীতিতে তাদের শক্ত অবস্থান নতুন করে জানান দিয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘চাকসুতে ২৬টি পদের মধ্যে ২৪টি শিবিরের প্যানেল পাইছে, আর রাকসুতে ২৩টির মধ্যে ২০টি। ছাত্রদল ডাকসু, জাকসু, চাকসু, রাকসু – সব মিলিয়ে পেয়েছে শুধু একটা এজিএস। এই যে সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীদের একচেটিয়া সাপোর্ট পাচ্ছে শিবির – এইটা এক নতুন বাংলাদেশের গল্প বলতেছে’।
ডাকসু নির্বাচন : ৬ বছর পর ৯ সেপ্টেম্বর/২০২৫ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে প্রথমবারের মত ঐতিহাসিক বিজয় লাভ করে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। এবার ভিপি-জিএস, এজিএসসহ ২৮টি পদের ২৩টিতেই বিজয়ী হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
জাকসু নির্বাচন : ডাকসুর দুইদিন পরেই ১১ সেপ্টেম্বর/২০২৫ ৩৩ বছর পর অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। জাকসুর ২৫টি পদের মধ্যে জিএস, এজিএসসহ ২০টিতে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্রার্থীরা জয়ী হন। বাকি ৫টি পদের মধ্যে ভিপিসহ তিনটিতে স্বতন্ত্র এবং দুটিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্রার্থীরা বিজয়ী হন।
চাকসু নির্বাচন : দীর্ঘ তিন যুগ পর এবার ১৫ অক্টোবর/২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হলসংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ ১৯৯০ সালে চাকসুর নির্বাচন হয়েছিল। ছাত্র সংসদ নির্বাচনে এর আগে ডাকসু ও জাকসুতেও অভূতপূর্ব সাফল্য দেখায় ছাত্রশিবির। সেই ধারাবাহিকতা বজায় রেখে চাকসুতেও কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি-জিএসসহ ২৬ পদের মধ্যে ২৪টিতেই জয়লাভ করে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা।
রাকসু নির্বাচনঃ ৩৫ বছর পর এবার ১৬ অক্টোবর/২০২৫ অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। ২৩ পদের মধ্যে ২ ০টিতেই জয়লাভ করে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। তবে জিএসসহ ৩টি পদ তারা হাতছাড়া করে। এই তিনটি পদের মধ্যে কেবল ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন জয়ী হয়েছেন ছাত্রদলের প্যানেল থেকে।
ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একক আধিপত্য দেখিয়েছে। এ অবস্থায় ছাত্রশিবিরকে হারানোর কৌশল বাতলে দেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘শিবিরকে হারাইতে হলে মেধাবী হইতে হবে।’

