এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার কোন সুযোগ নাই : ইসি আনোয়ারুল অপরদিকে শাপলার বিকল্প না নিলে এনসিপিকে প্রতীক বেছে দেবে ইসি

বিশেষ প্রতিনিধি: নির্বচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিধিমালা না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘১৯ অক্টোবরের মধ্যে ইসির তপশিলের মধ্যে থাকা প্রতীক বেছে নিতে হবে এনসিপিকে। তা না হলে কমিশন নিজ বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ দিয়ে দেবে।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ইসি সচিব বলেন, ‘এনসিপির সঙ্গে আমাদের দুই থেকে আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন, আমরা তা দিয়েছি। শাপলা প্রতীকের বিষয়ে ইসি আগের অবস্থানেই আছে।’ ইসি সচিব বলেন, ‘যেহেতু নির্বাচন বিধিমালায় নেই, তাই শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। যদি তারা প্রতীক না চায়, তাহলে কমিশনের বিবেচনায় আমরা প্রতীক বরাদ্দ দিয়ে দেবো। এনসিপি যদি এ মাসের ১৯ তারিখের মধ্যে নতুন প্রতীক জমা না দেয়, তাহলে এ বিষয়ে কমিশন নিজেই সিদ্ধান্ত নেবে।’

প্রবাসী ভোটারদের বিষয়ে কাজের অগ্রগতি আছে জানিয়ে তিনি বলেন, পুরনো ১১টি দেশের সঙ্গে নতুন কর আরও চারটি দেশে ভোটার হালনাগাদ শুরু হবে। এ ছাড়া, নভেম্বরের প্রথম সপ্তাহে ভোট দেয়ার অ্যাপ লঞ্চ করতে পারব বলে আশা করছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের জরুরি যে সরঞ্জাম লাগবে তা আমাদের কাছে পৌঁছেছে। সচিব বলেন, স্থানীয় পর্যবেক্ষক নিয়ে সংবাদিকরা আমাদের সহযোগিতা করেছেন। নতুন ১২টি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে সচিবালয় ও মাঠ পর্যায়ে অনুসন্ধান চলমান রয়েছে। এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, গণভোট হবে কি হবে না এ বিষয় নির্বাচন কমিশনে এখনও কোনো কিছুই উপস্থাপন হয়নি।

৩০ সেপ্টেম্বর ৫০ প্রতীক থেকে নিজেদের পছন্দের প্রতীক বেছে নিতে এনসিপিকে চিঠি দেয় ইসি। শাপলা প্রতীকে বিষয়ে আখতার আহমেদ বলেন, এনসিপি প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান হচ্ছে, যেহেতু ইসির বিধিমালায় এটা নেই, তাই এটা দেওয়ার সুযোগ নেই। আমরা উনাদের (এনসিপি) চিঠি দিয়েছি। আগামী ১৯ অক্টোবরের মধ্যে তারা বিকল্প প্রতীকের চাহিদা দেবেন। যদি ১৯ তারিখের মধ্যে তারা (এনসিপি) এটা না জানান, তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *