রোববার সারা দেশে মহাসড়ক অবরোধের ঘোষণা জুলাই যোদ্ধাদের

অপরাধ তথ্যচিত্র ডেস্ক: ৩ দাবিতে রোববার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের সব মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’। শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের পক্ষে মাসুদ রানা সৌরভ এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, রোববার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব জেলা শহরে মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, “আমরা যেহেতু হামলার শিকার হয়েছি, আমাদের ওপর হামলার প্রতিবাদে এবং আমাদের তিন দফা এ সরকারের আমলেই বাস্তবায়নের দাবিতে রবিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়কে অবরোধ কর্মসূচি পালিত হবে। আমরা অবরোধ কর্মসূচিতে জুলাই আহতদের পাশাপাশি, দেশের সাধারণ জনগণের অংশগ্রহণ কামনা করছি। যদি আমরা আমাদের জীবন ও রক্তের স্বীকৃতি আদায় করতে না পারি তাহলে ভবিষ্যতে আর বিপ্লবী এ রাষ্ট্রে জন্ম নেবে না।”

দাবিগুলো হলো– জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে সাংবিধানিক স্বীকৃতি; আহতদের বীর হিসেবে স্বীকৃতি দেওয়া। এছাড়া, জুলাই শহীদ ও আহত পরিবারগুলোর পুসর্বাসনে নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানান তিনি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। জুলাই যোদ্ধারা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিপেটা করে।
তিন দফার কথা জানিয়ে তিনি বলেন, “জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ এবং আহত-পঙ্গুত্ববরণকারীদের ‘বীর’ স্বীকৃতি দিয়ে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, জুলাই আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং আমাদের জন্য দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *