জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি, রাজি করাতে সরকারের চেষ্টা অব্যাহত
সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক: গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের দল এনসিপিসহ কয়েকটি দলের বর্জন, অনুষ্ঠানস্থলে জুলাইযোদ্ধাদের বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সই হলো বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ। গতকাল শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সনদে সই করেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি দল ও জোটের নেতারা। তবে কীভাবে সনদ বাস্তবায়ন করা হবে, তা এখনও ঠিক হয়নি।
সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা না পাওয়া এবং বাস্তবায়ন পদ্ধতি ঠিক না করায় সনদে সই করেনি এনসিপি। একই দাবি করে আসা জামায়াত আগের দিন পর্যন্ত সনদ সই করার বিষয়ে অবস্থান স্পষ্ট না করলেও গতকাল সনদে সই করেছে। এরপর জামায়ত ইসলাম দলটি বলেছে, বাস্তবায়নে বিলম্ব হলে তা হবে জাতির সঙ্গে গাদ্দারি। এনসিপি ছাড়াও ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া পাঁচটি দল জুলাই সনদে সই করেনি। অন্যদিকে সনদ স্বাক্ষরকে বড় অগ্রগতি আখ্যা দিয়ে বিএনপি বলেছে, প্রধান উপদেষ্টার আহ্বানে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনায় বসতে রাজি তারা।
ঐকমত্য কমিশনের সভাপতি ও সরকারপ্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, ‘এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা করে যেতে পারি। আমরা একমত হয়েছি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য।’

