জুলাই সনদে স্বাক্ষর না করা যেকোনো দলের নিজস্ব সিদ্ধান্ত: ডা. জাহিদ অন্যদিকে সংসদের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিল পুলিশ, ভাঙচুর ধাওয়া পালটা-ধাওয়া

অপরাধ তথ্যচিত্র ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা যে কোন রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-ডিম্যাবের নতুন আহবায়ক কমিটির আয়োজনে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, এতগুলো মানুষের আত্নত্যাগ ও অংশগ্রহণ, এটা নিয়ে শঙ্কা প্রকাশ বা দ্বিধা থাকলে জাতি হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে অস্তিত্ব সংকটে পড়বে। রাষ্ট্র যখন জুলাই সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে, তখন এ নিয়ে দ্বিমত করা উচিত না। সবার অংশগ্রহণ করা উচিত। স্বাক্ষর না করলে সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে পুলিশের সঙ্গে জুলাই সনদ স্বাক্ষর ইস্যুতে জুলাই যোদ্ধাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ তাদের সরে যেতে বাধ্য করে। সকাল থেকেই জুলাই যোদ্ধারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেন। পরে তারা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় ভেতরে থাকা জুলাই যোদ্ধারাও বাইরে বের হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ধাওয়া দিয়ে তাদের সংসদ ভবন এলাকা থেকে বের করে দেয়।
সংঘর্ষের সময় আন্দোলনকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন, যার মধ্যে দুটি পুলিশের গাড়িও রয়েছে। পুলিশের ধাওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর আন্দোলনকারীরা কিছুটা পিছু হটলেও দূর থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। প্রসঙ্গত, বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর হবে আজ। সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *