পিরোজপুর পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার:
পিরোজপুর পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া অধিদপ্তর থেকে প্রাপ্ত ক্রীড়া সামগ্রী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন তিনি।
এসময় পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম শক্তি।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও ধর্মীয় অনুশীলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সর্বাঙ্গীণ বিকাশ ঘটানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পিরোজপুর শাখার সভানেত্রী সুবর্ণা আক্তার শম্পা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পুলিশ লাইন্সের আরআই, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

