আইনের শাসন কাকে বলে এই নির্বাচনে দেখাতে চাই: সিইসি

অপরাধ তথ্যচিত্র ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনের শাসন পূর্ণ প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নানা চ্যালেঞ্জ থাকার পরও সবাই মিলে একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। আমরা চাই একটি এমপাওয়ার্ড প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, রিটার্নিং অফিসার তৈরি করতে। এজন্য আমরা একটি সম্পূর্ণ ক্ষমতাসম্পন্ন প্রিসাইডিং অফিসার প্যানেল গড়ে তুলতে চাই। আইনের শাসন কাকে বলে, এই নির্বাচনের মাধ্যমে আমরা সেটা দেখাতে চাই।

আজ শনিবার চট্টগ্রাম নগরের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কর্মশালায় তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিরাপত্তা। প্রশাসনিক, আইনগত ও প্রযুক্তিগত নানা চ্যালেঞ্জ থাকলেও নিরাপত্তা ব্যবস্থাপনাই সবচেয়ে কঠিন বিষয়। এজন্য তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সিইসি বলেন, আমাদের লক্ষ্য হলো একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। এজন্য প্রশিক্ষণপ্রাপ্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ কার্যক্রম এমনভাবে তৈরি করতে হবে, যাতে বিভিন্ন পেশার মানুষ যাদের মধ্যে কেউ কেউ আগে কখনো ভোটগ্রহণের অভিজ্ঞতা পাননি তারাও দায়িত্ব পালনে দক্ষ হয়ে ওঠেন। ‘ওয়ান সাইজ ফিটস অল’ পদ্ধতিতে নয়, বরং অংশগ্রহণকারীদের পটভূমি বিবেচনায় প্রশিক্ষণ মডিউল তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত আপনারা আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করবেন, নির্বাচন কমিশন আপনাদের পূর্ণ সমর্থন দিয়ে যাবে। আমাদের লক্ষ্য হলো- একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। এজন্য প্রশিক্ষণপ্রাপ্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচনী চ্যালেঞ্জ প্রসঙ্গে এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন আয়োজনে প্রশাসনিক, আইনগত ও প্রযুক্তিগত নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থাপনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জরুরি। নির্বাচন কমিশন ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও এআইভিত্তিক অপপ্রচার মোকাবিলায় একটি সেল গঠন করেছে বলে জানান তিনি। চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সিবিটিইপি প্রকল্প পরিচালক মোহাম্মদ মোস্তফা হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *