শেরপুরের নালিতাবাড়ীতে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও এক ফার্মেসীর মালিককে জরিমানা

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে এক ভুয়া চিকিৎসককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার ছেলের মালিকানাধীন একটি ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে পৌরশহরের তারাগঞ্জ মধ্যবাজারে ওই অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দন্ডপ্রাপ্ত ওই ভুয়া চিকিৎসকের নাম খোরশেদ আলম (৬৮)। তিনি পৌরশহরের ছিটপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায় খোরশেদ আলম দীর্ঘদিন ধরে রোগীদের ভুয়া চিকিৎসা দিয়ে আসছিলেন। পরে মঙ্গলবার দুপুরে পৌরশহরের তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় একটি ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে খোরশেদ আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে তার ছেলে সালমান সাদিকের মালিকানাধীন দেশ ফার্মেসীকে নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম এবং নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান এধরনের ভুয়া ডাক্তার ও অবৈধ ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *