পিরোজপুরে বিএনপির প্রবীণ নেতার শেষ ইচ্ছা পূরণে ভার্চুয়ালি সাক্ষাৎ করলেন –তারেক রহমান

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিরোজপুর জেলা বিএনপির প্রবীণ নেতা ও দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোতালেব আকন-এর দীর্ঘদিনের ইচ্ছা পূরণে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, প্রবীণ নেতা মোতালেব আকন বহুদিন ধরে তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত বিশেষ প্রতিবেদনে তার এই ইচ্ছার কথা উঠে এলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে।

তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে তিনি ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন-কে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এরপর শুরু হয় ভার্চুয়াল সাক্ষাতের প্রস্তুতি।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোতালেব আকনের সঙ্গে যুক্ত হন তারেক রহমান।
উষ্ণ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় এ আবেগঘন সাক্ষাৎ, যা দলের নেতাকর্মীদের মাঝে গভীর সাড়া ফেলে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা এ্যাড. রুহুল কবির রিজভী,
আহ্বায়ক আতিকুর রহমান রুমন,
দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান,
এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় এ্যাড. রুহুল কবির রিজভী পিরোজপুরে উপস্থিত থেকে মোতালেব আকনের হাতে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন,

“এই উদ্যোগ শুধু একজন প্রবীণ নেতার স্বপ্নপূরণ নয়, বরং বিএনপি’র তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি দেশনায়কের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিচ্ছবি।
তারেক রহমান প্রমাণ করেছেন, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, একজন সংবেদনশীল ও মানবিক ব্যক্তিত্ব।”

এই ভার্চুয়াল সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান,
সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত,
যুগ্ম আহ্বায়ক এলিজা জামান,
সদস্য আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ এই সাক্ষাৎকে দলের ইতিহাসে একটি “গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত” হিসেবে আখ্যায়িত করেন।
তারা বলেন,

“এই উদ্যোগ দলের মধ্যে আন্তরিকতা, ঐক্য ও মানবিক সম্পর্কের বন্ধন আরও দৃঢ় ও সুসংহত করবে।”

পিরোজপুর জেলা বিএনপির নেতারা জানান, প্রবীণ নেতাদের সম্মান জানানো ও তাদের অবদানের স্বীকৃতি দেওয়ার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তাদের মতে, “এটাই প্রকৃত রাজনীতির সৌন্দর্য ও দলের ঐক্যের প্রতিচ্ছবি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *