ঝিনাইদহে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন
সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ইসলামী ব্যাংকের ঝিনাইদহ শাখার সামনে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় গ্রাহক ও চাকরি প্রত্যাশীরা। এতে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য দেন গ্রাহক আল মাহমুদ, হাদি মোহাম্মদ, জিয়াউল ইসলাম খান, কাজী রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল কুদ্দুস, আব্দুস সবুরসহ অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই অবৈধভাবে হাজার হাজার কর্মী ইসলামী ব্যাংকে নিয়োগ পেয়েছে। এতে ব্যাংকের সেবার মান ও নিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগও উঠেছে।
তারা অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মীদের দ্রুত ছাঁটাই করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি জানান।##

