স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার ভোট করতে চাই:সিইসি, এ এম এম নাসির উদ্দিন
অপরাধ তথ্যচিত্র ডেস্ক: স্বচ্ছ আয়নার মত পরিষ্কার নির্বাচন করতে চায় ইসি। নির্বাচন কমিশন বিশ্বকে দেখাতে চায় নির্বাচনে কোনো লুকোছাপা হচ্ছে না। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে, ইসির সাথে গণমাধ্যম প্রতিনিধিদের সংলাপে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের ব্যবস্থা করছি। ভোটের দায়িত্বে যারা থাকেন প্রায় ১০ লাখ লোক, আইনশৃঙ্খলা বাহিনীকে, সরকারি চাকরিজীবী, হাজতিদের ভোটের আওতায় আনবো। আমরা এবার এটা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি, আইনে আগেও ছিল। আপনাদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে পারবো না, এটা ছাপ কথা।
সিইসি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছি। ভোটার তালিকা হালনাগাদ করেছি। ২১ লাখের বেশি মৃত ভোটার চিহ্নিত করেছি, যাদের অনেকে ভোট দিয়ে যেত, মিডিয়ায় এমন নিউজ দেখেছি। ৪৩ লাখের বেশি ভোটাযোগ্যদের তালিকাভুক্ত করতে পেরেছি। নারী-পুরুষের ব্যবধান ৩০ লাখ ছিল। এখন ১৮ লাখে নেমে এসেছে। মানুষ বিশেষ করে নারী যে ভোটার হতে আগ্রহ হারিয়ে ফেলেছিল আমরা আলোড়ন সৃষ্টি করতে পেরেছি।
ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজের সঞ্চালনায় সভায় চার নির্বাচন কমিশনার, ইসির কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

