কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে, বাঁধের দাবি স্থানীয়দের

কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত কয়েক দিনে শত শত বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। উপজেলার ভুরকা হাটখোলাপাড়া, কোলদিয়া হয়ে জুনিয়াদহ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এ ভাঙন শুরু হয়েছে। এতে এলাকার হাজার হাজার মানুষ ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন।

এ দিকে ভাঙন প্রতিরোধে বাঁধনির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে নদীপাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত শনিবার বিকেলে মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় ভাঙনে ক্ষতিগ্রস্ত শত শত নারী-পুরুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। সরেজমিন ঘুরে দেখা যায়, গত কয়েক বছর ধরে পদ্মার করাল গ্রাসে মরিচা ইউনিয়নের কোলদিয়াড়, ভুরকা, হাটখোলাপাড়া থেকে শুরু করে ভেড়ামারা উপজেলার দুনিয়াদহ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে এ বছরও তীব্র ভাঙন দেখা দিয়েছে। এলাকাবাসী বারবার সরকারের কাছে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানালেও কার্যকর তেমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি। শুধু ভুরকা পাড়ার নিচে এক কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ফেলে অস্থায়ী বাঁধ নির্মাণ করে নদী কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। এতে নদীভাঙন কিছুটা প্রশমিত হলেও পাশের প্রায় দুই কিলোমিটার এলাকায় নদীভাঙন এখনো অব্যাহত রয়েছে। এসব এলাকায় প্রতিদিন ভাঙনে ফসলের জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *