নরসিংদি সড়কে চাঁদাবাজি থামাতে গিয়ে মার খেলেন অতিরিক্ত পুলিশ সুপার

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক: নরসিংদীতে ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে আটক দুই ‘চাঁদাবাজ’কে ছিনিয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নরসিংদী পৌর শহরের আরশীনগর মোড়ে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সকাল ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার পুরানপাড়ায় এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় পরিদর্শনে যায়। সেখান থেকে ফেরার পথে শহরের আরশীনগর মোড়ে সড়কের মধ্যে কয়েকজন ব্যক্তি যানবাহন চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। এ সময় পুলিশ দুজনকে হাতেনাতে আটক করে। এই খবরে তাদের ছাড়িয়ে নিতে ৩০-৪০ জন লোক এসে অতিরিক্ত পুলিশ সুপারকে হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে তার ওপর হামলা এবং তাকে কিল-ঘুসি-লাথি মারতে থাকেন তারা। এ সময় পুলিশের এই কর্মকর্তা মাটিতে পড়ে গুরুতর আহত হন এবং দুর্বৃত্তরা দুই চাঁদাবাজকে ছিনিয়ে নিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ সদস্যরা অতিরিক্ত পুলিশ সুপারকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানা কবির বলেন, আনোয়ার হোসেনের ঘাড় ও পায়ে আঘাতজনিত কারণে রক্ত জমাট বেঁধেছে। তিনি গুরুতর আহত হয়েছেন। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার করা হয়েছে।

নরসিংদী পৌরসভার সিএনজি-অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার মো. আলমগীর মুঠোফোনে বলেন, আমি পৌরসভা থেকে বৈধভাবে স্ট্যান্ডের ইজারা নিয়েছি; কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রায়ই ইজারার টাকা তুলতে বাধা দেন। দুদিনে আরশীনগর এলাকায় গিয়ে আমাদের লোকজনকে আটক করছিলেন।

তিনি আরও বলেন, পৌরসভার দেওয়া নিয়মনীতি অনুসরণ করেই ইজারার টাকা তোলা হয়। এ কাজে পুলিশ বাধা দেওয়ার কারণে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে শুনতে পেরেছি। পুলিশের ওপর হামলার খবর মিথ্যা ও ভিত্তিহীন। তিনি পা পিছলে পড়ে যান বলে শুনেছি।

এ ব্যাপারে নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহর মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন ধরেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *