ঝিনাইদহে বাসচাপায় দাদা-নাতি নিহত
সাইফুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের আঠারো মাইল এলাকায় যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন নগরবাথান গ্রামের নজরুল ইসলাম (৬৫) ও তার নাতি জীবননগরের সিফাত হোসেন (৮)। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের আঠারো মাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সদর উপজেলার হলিধানী বাজার থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে যাত্রী নিয়ে নগরবাথান যাচ্ছিলেন নজরুল ইসলাম। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মণ্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সিফাত মারা যায়। পরে হাসপাতালে নেওয়া হলে নজরুল ইসলামকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় আহত অপর একজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে তাদের দাফন সম্পন্ন হবে।

