পিরোজপুরে সুপারি বাগানে নৈশ পাহারাকে কেন্দ্র করে চিহ্নিত মাদক ব্যবসায়ীর হামলায় তাতী দলের সদস্য আহত
স্টাফ রিপোর্টার: পিরোজপুর সদর উপজেলায় সুপারি বাগানে নৈশ পাহারা দেওয়াকে কেন্দ্র করে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর হামলায় মোঃ হাবিল (৪০) নামে তাতী দলের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর সদর উপজেলার ৪নং কলাখালি ইউনিয়নের দক্ষিণ পুকরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হাবিল ওই গ্রামের আক্কেল আলী মন্ডলের ছেলে। তিনি সদর উপজেলা তাতী দলের সদস্য এবং কলাখালি ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ডের প্রচার সম্পাদক।
হাবিল অভিযোগ করেন, স্থানীয় এনায়েত মোল্লার পুত্র ফরহাদ (৩০), সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী—তাকে দীর্ঘদিন ধরে রাতে বাগান পাহারা না দিতে হুমকি দিয়ে আসছিলেন। কিন্তু তিনি পাহারা চালিয়ে গেলে সোমবার রাতে মনির মোল্লার বাড়ির সামনে ফরহাদ অতর্কিতভাবে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
হাবিল বলেন,আমি নিয়মিত আমার সুপারি বাগানে চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দিই কিন্তু ফরহাদ আমাকে বারবার আমার পাহারা দিতে নিষেধ করলেও আমি তা মানিনি। এর জের ধরেই সে আমার মাথায় আঘাত করেছে। আমি এ হামলার সুষ্ঠু বিচার চাই।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাবিলকে উদ্ধার করে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. একেএম আসিফ আহম্মেদ জানান,রোগীর মাথায় গুরুতর ক্ষত ছিলো, যা সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

