শেরপুরে নদী থেকে অজ্ঞাত এক মহিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে মালিঝি নদীর উজান থেকে ভেসে আসা অজ্ঞাত এক মহিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। সোমবার (২২সেপ্টেম্বর) রাতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় মালিঝি নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালিঝি নদীর কাপাসিয়া এলাকায় উজান থেকে স্রোতের সাথে ভেসে আসা একটি অজ্ঞাত মহিলার অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় স্থানীয়রা মরদেহটি উদ্ধার করতে ব্যার্থ হয়। রাতে মরদেহটি ভাসতে ভাসতে ভাটির দিকে যেতে থাকে। পরে খবর পেয়ে যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় এলাকায় স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে নালিতাবাড়ী থানা পুলিশ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। তবে মরদেহটির গায়ে কাটা দাগ রয়েছে৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি হয়ত কোথাও কবর দেওয়া হয়েছিল। পাহাড়ি ঢলে হয়ত কবর ভেঙে মরদেহটি ভেসে এসেছে৷ সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলাসদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

