পিরোজপুরে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার: পিরোজপুরে হত্যার দায়ে ৩ জনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে মো: সোহাগ হাওলাদার,বড় শৌলা গ্রামের মো: মনির মৃধার ছেলে মো: সোহাগ মৃধা,ছোট শৌলা গ্রামের মো: আজিজ মল্লিকের ছেলে মো: শাহীন মল্লিক।মঙ্গলবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় শেষোক্ত দু’জন পলাতক ছিলেন। ঘটনার বিবরণ-আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে মঠবাড়িয়ার বড় শৌলা গ্রামের আনোয়ার মিস্ত্রীর ছেলে আরিফুল ইসলাম (১৮) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ১৭ এপ্রিল মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৮১১) করেন।
পরদিন সকালে স্থানীয়রা বড় শৌলা খালে ভাসমান অবস্থায় আরিফুলের মরদেহ দেখতে পান। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে খবর দিলে তারা লাশ সনাক্ত করেন। নিহতের মাথা, বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
ওই দিনই নিহত আরিফুলের মা মোসা: ফরিদা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ প্রাথমিকভাবে ১২ জনকে আসামি করলেও তদন্ত শেষে এই তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
আইনজীবীদের বক্তব্য : মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।
নিহত পরিবারের প্রতিক্রিয়া : রায়ের পর নিহত আরিফুলের মা মোসা: ফরিদা সন্তোষ প্রকাশ করেছেন। তবে রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না—তাতক্ষনিক জানাননি।

