বাংলাদেশে টেকসই প্লাস্টিক ব্যবহার ও সামুদ্রিক আবর্জনা প্রতিরোধে সমন্বিত দৃষ্টিভঙ্গি কর্মশালা পিরোজপুরে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুরঃ বাংলাদেশে টেকসই প্লাস্টিক ব্যবহার ও সামুদ্রিক আবর্জনা প্রতিরোধে সমন্বিত দৃষ্টিভঙ্গি বিষয়ক এক কর্মশালা এবং পরিচ্ছন্নতা কর্মসূচি পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর, যার সহযোগিতা করে ইউএনআইডিও এবং নরওয়ে সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল-আমীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মোঃ মনিরুজ্জামান নাসিম আলী,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর আব্দুস সালাম বাতেন,জাতীয় প্রকল্প সমন্বয়কারী (বাংলাদেশ টেকসই প্লাস্টিক ব্যবহার ও সামুদ্রিক আবর্জনা প্রতিরোধ সমন্বিত উদ্যোগ প্রকল্প) মিঃ সত্য রঞ্জন ভট্টাচার্য,পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আহসানুল কবির,স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’-এর সভাপতি মোঃ হাবিবুর রহমান।

বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধে টেকসই ও পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারের বিকল্প নেই। প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে সরকার, ব্যবসায়ী, গণমাধ্যম, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

কর্মশালার পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়। এতে স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ সচেতনতা বাড়াতে ও পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে। কর্মশালায় পজেটিভ পিরোজপুর সহ ১৫টি সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *