খুলনায় চাঁদাবাজি সহ বিভিন্ন মামলায় বিএনপির নেতা কারাগারে

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা খুলনা মহানগরীর খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার রাতে ডিবির একটি দল অভিযান চালিয়ে ভুট্টোকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি, জমি দখল এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগে সাতটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিনে ছিলেন।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডিবি সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে ভুট্টো বাস্তুহারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। ওই এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

ডিবির পরিদর্শক তৈমুর ইসলাম বলেন, “বাস্তুহারা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে গোলাম মোস্তফা ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, হাঙ্গামা ও সরকারি কাজে বাধাদানসহ সাতটি মামলা রয়েছে।”

তিনি আরও জানান, দুপুরে ভুট্টোকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক রাকিবুল হাসান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *