পিরোজপুরে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, “যারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে তারা কোনোদিনও এ দেশের স্বাধীনতার শক্তি হতে পারে না।”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি পিটিআই, সাহাপাড়া, মধ্যকুমারখালী, রায়েরকাঠীর রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এছাড়াও তিনি ঝাটকাঠীর শিকদারবাড়ী ও সিও অফিসে অটো শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। মাসুদ সাঈদী আরও বলেন, “৫ আগস্টের পর জামায়াত-শিবিরের ভাইয়েরা প্রতিটি মন্দিরে গিয়ে রাত জেগে পাহারা দিয়েছে। কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করি, বিভেদ সৃষ্টি করি না। সামনে আরও একটি সময় আসছে। এবারও যদি একই ভুল করি তাহলে দেশের ক্ষতির জন্য আমরা সবাই দায়ী হবো।”

তিনি জনগণের উদ্দেশে বলেন, “আপনারা যদি সত্যিকারে দেশকে ভালোবাসেন, তাহলে তাদের সঙ্গে থাকুন যারা ন্যায়-ইনসাফ, দূর্নীতিমুক্ত সমাজ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে আসে। যারা স্বাধীনতার নামে দুর্নীতি করে, সম্পদ লুণ্ঠন করে, হিন্দুসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ওপর হামলা চালায়— তারা কোনোদিন স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, পৌর আমীর মাওলানা ইসহাক আলী খান, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি অহিদুজ্জামান শেখ, সহ-সভাপতি আলোম মোল্লা, সনাতন ধর্মাবলম্বীদের স্থানীয় নেতা গৌতম নারায়ণ রায় চৌধুরী ও গৌড়রায় চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *