পিরোজপুরে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকুরি পেলেন -১৫
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত হয় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণার অনুষ্ঠান। লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ মোট ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি খাঁন মুহাম্মদ আবু নাসের।
পুলিশ সুপার বলেন,বাংলাদেশ পুলিশে যোগদানের এই সুযোগ শুধুমাত্র মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমেই অর্জন করা সম্ভব। আজ যারা উত্তীর্ণ হয়েছেন তারা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। আমি আশা করি, প্রশিক্ষণ শেষে তারা সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও পেশাদারিত্বকে ধারণ করে জনগণের আস্থা অর্জনে কাজ করবেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উন্নয়নে তাদের প্রতিটি পদক্ষেপ হবে দায়িত্বশীল ও গৌরবময়।” তিনি আরও যোগ করেন,এবারের নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। এতে প্রমাণ হয়েছে যে সৎভাবে চেষ্টা করলে যে কেউ সফল হতে পারে। ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক মনোনীত নিয়োগ বোর্ডের সদস্য, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। উত্তীর্ণ অনেক প্রার্থী চাকরি প্রাপ্তির আনন্দে আবেগাপ্লুত হয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন।

