ঢাকা থেকে জামালপুরের আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ।। রাজধানী ঢাকা থেকে জামালপুরের সাবেক পৌর কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পাশা (৪৩) ও নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী (২১) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পাশাকে রাজধানী ঢাকার ফার্মগেট এলাকা থেকে এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলীকে ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর একটি বিশেষ টিম। সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তারা। তাছাড়া ছাত্রলীগ নেতা শাহেদ আলী নিজের চোখ বেধে তাকে অপহরণের নাটক সাজিয়ে ভিডিও ধারণ করে সেই ভিডিও তার নিজের ফেসবুক আইডিতে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রশাসন ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালায়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে জানা গেছে, তারা ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে সরকার ও রাষ্ট্রবিরোধী মিটিং-মিছিল এবং নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো। অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ আরও জানান, ২০২৪ সালের ১৮ নভেম্বর তারিখে জামালপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় ঢাকায় যে মামলা হয়েছে ওই মামলায় তাদের শ্যোন এ্যারেস্ট দেখানো হবে। গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা জামাল পাশা পৌর শহরের বানিয়া বাজার এলাকার সোহরাব আলীর ছেলে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহেদ আলী জামালপুর পৌরসভার বন্দেরপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *