সততা ও নিষ্ঠার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব — পিরোজপুর পুলিশ সুপার

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেছেন, “জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় সাফল্য।” মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এবং সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বায়োজীদ ইসলাম।

সভায় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের নানাবিধ সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত ছুটি, আবাসন সুবিধা, মানসম্মত চিকিৎসা সেবা, পরিচ্ছন্নতা ও উন্নতমানের খাবার সরবরাহের ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার আরও বলেন, শৃঙ্খলা, নৈতিকতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালন করতে হবে। কেবল সততা ও নিষ্ঠার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব। সভা শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সুপার।

এসময় আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১ রিজার্ভ অফিসসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *