শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ সার ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদন্ড

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রয়ের অভিযোগে এক বিএডিসি সার ডিলারকে নগদ ১ লাখ টাকা ও লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে আরেক কীটনাশক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের আখেরমামুদ বাজারে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া।
জানা যায় চলতি রোপা আমন মওসুমে কৃত্তিম সার সংকট দেখিয়ে কিছু অসাধু সার ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে মঙলবার দুপুরে শেরপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ শহরের আখেরমামুদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পেয়ে বিএডিসি সার ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজের মালিককে নগদ এক লাখ টাকা অর্থদন্ড করা। একই সাথে লাইসেন্স ছাড়া সার বিক্রি করায় একই বাজারের কীটনাশক বিক্রেতা শিশির এন্টারপ্রাইজের মালিককে নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানকালে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার কোন সুযোগ নেই। আমরা যেখান থেকেই বেশি মূল্যে সার বিক্রির অভিযোগ পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করছি। কৃষকের স্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *